গল্প ভালো লাগলেই ক্যামেরার সামনে মৌ

দীর্ঘ বিরতির পর ওয়েব চলচ্চিত্রে ফিরছেন সাদিয়া ইসলাম মৌ, ঈদে মুক্তি পাচ্ছে ‘সারার সংসার’।

টুইট প্রতিবেদক: ঢাকার বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই একটি আলোচনা ছিল,অভিনয়ে নিয়মিত নন সাদিয়া ইসলাম মৌ। তবে জনপ্রিয় এই নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পীর ভাষ্য, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তাঁর মতে, ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং আন্তরিক নির্মাতা পেলেই তিনি কাজ করতে আগ্রহী হন।

অবশেষে মুক্তির অপেক্ষা শেষ হচ্ছে মৌ অভিনীত নতুন ওয়েব চলচ্চিত্র ‘সারার সংসার’-এর। প্রায় এক বছর আগে শুটিং শেষ হওয়া এই কাজটি আগামী ২৬ মে ঈদুল আজহা উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আকা রেজা গালিব ও প্রধান অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ।

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব চলচ্চিত্রটি। সময়োপযোগী চিত্রনাট্য রূপ দিয়েছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর। গল্পে উঠে এসেছে এক মায়ের মানসিক দ্বন্দ্ব, অপরাধবোধ, নৈতিক সংকট এবং সন্তানকে রক্ষার লড়াই। আবেগঘন ও জটিল এই চরিত্রেই দেখা যাবে মৌকে।

মুক্তির খবরে উচ্ছ্বসিত মৌ বলেন, কাজটি দর্শকদের সামনে আসছে জেনে তাঁর ভালো লাগছে। একই সঙ্গে অভিনয়ে অনিয়মিত থাকার আলোচনা নিয়েও কথা বলেন তিনি। মৌর ভাষায়, প্রতিটি শিল্পীই ভালো গল্পের অপেক্ষায় থাকেন, তিনিও তার ব্যতিক্রম নন। চিত্রনাট্য পছন্দ হলে এবং নির্মাতার দৃষ্টিভঙ্গি আন্তরিক মনে হলে তিনি কাজ করতে রাজি হন।

বর্তমান সময়ে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বয়স ও বাস্তবতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এই শিল্পী। তিনি বলেন, বাস্তব জীবনে তিনি দুই সন্তানের মা। তাই এখন এমন চরিত্রেই অভিনয় করতে চান, যা তাঁর বয়স ও ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

‘সারার সংসার’-এ অভিনয়ের আগে চরিত্রটি নিয়ে নির্মাতা আকা রেজা গালিবের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন মৌ। তাঁর মতে, নাচ ও মডেলিং থেকেই তাঁর মূল পরিচিতি তৈরি হয়েছে, তাই অভিনয়ের ক্ষেত্রে তাঁকে বাড়তি পরিশ্রম করতে হয়। তবে এই কাজটিকে তিনি নিজের জন্য বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

নির্মাতা আকা রেজা গালিবও মৌয়ের অভিনয়ের প্রশংসা করেছেন। তাঁর ভাষায়, এই গল্পের মূল শক্তিই মৌয়ের চরিত্র। আন্তরিকতা ও পরিশ্রম দিয়ে তিনি চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন।

প্রায় ৯০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, নাফিসা মালিয়াত ও মনীষা শিকদার।