নিশোর উপস্থাপনায় ঈদের ‘আনন্দমেলা’

বিটিভির বিশেষ আয়োজনে তারকাবহুল পরিবেশনা, থাকছে গান-নৃত্য-কৌতুক ও কুইজ।

টুইট প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবার সাজানো হয়েছে নতুন আঙ্গিক ও বর্ণিল উপস্থাপনায়। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ এই অনুষ্ঠান। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, সংগীত, নৃত্য, কৌতুক, কুইজ ও বিশেষ মঞ্চ পরিবেশনার সমন্বয়ে দর্শকদের জন্য পূর্ণাঙ্গ বিনোদনের আয়োজন রাখা হয়েছে এবারের ‘আনন্দমেলা’য়।

অনুষ্ঠানে বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে নতুনভাবে উপস্থাপিত হয়েছে ‘এই বৃষ্টিভেজা রাতে চলে যেও না’ গানটি। এতে অংশ নিয়েছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এ গানের নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী এবং শাওন।

বিশেষ এ আয়োজনে আরও থাকছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন কবির বকুল।

নৃত্য পরিবেশনাতেও রাখা হয়েছে বৈচিত্র্য। ‘রূপনগরের রাজকন্যা’ পরিবেশনায় অংশ নিচ্ছেন সাদিয়া ইসলাম মৌ। এছাড়া ‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং নৃত্যভূমি।

দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরী মনি। পাশাপাশি তারকাদের অংশগ্রহণে একটি কুইজ পর্বও রাখা হয়েছে। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশারসহ আরও অনেকে।

বিশেষ কৌতুক পরিবেশনা নিয়ে হাজির হবেন আবু হেনা রনি। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া।

এছাড়া ‘অ-মানুষ’ শিরোনামের বিশেষ মঞ্চ পরিবেশনায় দেখা যাবে অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওনকে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ‘আনন্দমেলা’ এবারও ঈদের দর্শকদের জন্য বাড়তি বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।