সীমান্তে ১১ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শিশু-নারীসহ আটক ১১।
টুইট ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে সীমান্তবর্তী বাঘাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা সীমান্ত ফাঁড়ির টহল দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত এলাকায় সন্দেহভাজন চলাচল লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী, ২ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, একই দিনে মহেশপুর সীমান্তের নিমতলা ও মাধবখালী বিওপি এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮১ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়েছে।
সীমান্ত এলাকায় সম্প্রতি অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি নজরদারি জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের ব্যবহার করে সীমান্ত পারাপারের প্রবণতা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বেগ বাড়াচ্ছে।
আটক ১১ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






