ঈদে আসছে ‘তাজমহল’

দেবের নায়িকা সৃজা এবার বাংলাদেশের ওয়েব চলচ্চিত্রে।
টুইট প্রতিবেদক বাংলাদেশের নাটক ও বিজ্ঞাপন জগতের পরিচিত নির্মাতা ওয়াহিদ আনাম দীর্ঘ বিরতির পর আবারও নির্মাণে ফিরছেন। তবে এবার ছোট পর্দা নয়, তিনি নির্মাণ করছেন ওয়েব চলচ্চিত্র ‘তাজমহল’। ইতোমধ্যে প্রকাশিত পোস্টার ও অভিনয়শিল্পীদের পরিচয় ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
নির্মাতাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক দশকেরও বেশি সময় পর নতুন কাজ নিয়ে ফিরছেন ওয়াহিদ আনাম। তাঁর নতুন এই ওয়েব চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নবীন অভিনেতা ফয়জুল ইয়ামিন। আর তাঁর বিপরীতে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃজা দত্তকে।
টালিউডে ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন সৃজা দত্ত। অভিনেতা দেব–এর বিপরীতে ‘বাঘা যতীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। পরে ‘টেক্কা’ সিনেমা এবং জনপ্রিয় ওটিটি ধারাবাহিক ‘নিশির ডাক’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
গত ১৭ মে ‘তাজমহল’-এর একটি রহস্যঘেরা পোস্টার প্রকাশ করেন নির্মাতা। সেখানে অভিনয়শিল্পীদের মুখ আড়াল রেখে দর্শকদের জন্য রাখা হয় বিশেষ প্রশ্ন। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, সঠিক উত্তরদাতাদের মধ্যে কেউ কেউ চলচ্চিত্রটির প্রিমিয়ারে নায়ক-নায়িকার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
অবশেষে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান দুই অভিনয়শিল্পীর পরিচয় প্রকাশ করেন নির্মাতা। পোস্টে তিনি লেখেন, “কাঁটাতারের বেড়াজাল কি পারবে ভালোবাসাকে আটকে রাখতে? এই ঈদে আসছে এক অন্য রকম প্রেমের গল্প ‘তাজমহল’।”
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত, ভালোবাসা ও মানবিক সম্পর্কের আবেগঘন উপাখ্যান নিয়েই নির্মিত হচ্ছে ‘তাজমহল’। ফলে আসন্ন ঈদে ওয়েব প্ল্যাটফর্মে এটি হতে পারে আলোচিত প্রকাশনাগুলোর একটি।






