নরপিশাচদের বিরুদ্ধে কঠোর বার্তা

শিশু রামিসা হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভ, শরিয়া আইন প্রয়োগের দাবি শায়খ আহমাদুল্লাহর।
টুইট ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেছেন, “সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ।”
বুধবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, সমাজে এ ধরনের নৃশংসতা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে এবং এসব অপরাধ কমিয়ে আনার কার্যকর সমাধান হিসেবে শরিয়া আইন প্রয়োগ প্রয়োজন।
তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদও রামিসা হত্যাকাণ্ডকে “ভয়ংকর বিভীষিকাময়” বলে উল্লেখ করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মানুষের প্রতি মানুষের এমন নিষ্ঠুরতা কল্পনাকেও হার মানায়।
তিনি আরো বলেন, শিশুদের বিরুদ্ধে এ ধরনের বর্বরতা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়; দেশের বিভিন্ন স্থানে প্রায়ই একই ধরনের অপরাধ ঘটছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো,অনেক ক্ষেত্রেই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তির বাইরে থেকে যাচ্ছে। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেই হতাশা স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারহীনতার সংস্কৃতি এবং সামাজিক অবক্ষয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
সচেতন মহল বলছে, দ্রুত বিচার, কঠোর শাস্তি এবং সামাজিক প্রতিরোধ একসঙ্গে জোরদার না হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।






