চীন-রাশিয়ার কৌশলগত জোটে নতুন বার্তা

একতরফা দাদাগিরি’ ঠেকাতে বৈশ্বিক সমন্বয়ের ডাক শি-পুতিনের

টুইট ডেস্ক: চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর কৌশলগত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন দুই দেশের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন।

আন্তর্জাতিক অঙ্গনে ‘একতরফা দাদাগিরি’ ও ইতিহাস বিকৃতির প্রচেষ্টার বিরুদ্ধে যৌথ অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তারা।

সম্প্রতি বেইজিং ও মস্কোর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে দুই নেতা কৌশলগত সমন্বয় জোরদার এবং দীর্ঘমেয়াদি সুপ্রতিবেশী সহযোগিতা সম্প্রসারণে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।

একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, মেধাস্বত্ব, বৈজ্ঞানিক গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে প্রায় ২০টি সহযোগিতা নথি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠক শেষে শি জিনপিং বলেন, চীন-রাশিয়া সম্পর্ক বর্তমানে “সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের সর্বোচ্চ স্তরে” পৌঁছেছে। তার ভাষায়, দুই দেশ সমতা, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিচ্ছে।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় বৃহৎ শক্তিগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।

সেই প্রেক্ষাপটে বেইজিং ও মস্কো আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা এবং একতরফা আধিপত্যবাদ প্রতিরোধে যৌথভাবে কাজ করবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের সঙ্গে চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে চীন-রাশিয়ার এই ঘনিষ্ঠতা নতুন বৈশ্বিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, প্রতিরক্ষা প্রযুক্তি ও বিকল্প অর্থনৈতিক কাঠামো গঠনে দুই দেশের সহযোগিতা আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

একইসঙ্গে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং বাণিজ্য নিষেধাজ্ঞাকে ঘিরে পশ্চিমা চাপ মোকাবিলায় বেইজিং ও মস্কো পারস্পরিক সমর্থনের কৌশল আরও জোরদার করছে বলেও ধারণা করছেন পর্যবেক্ষকরা।