হামে আরও ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৪০৮, উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্যে।

টুইট ডেস্ক: দেশজুড়ে হামের বিস্তার ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম কিংবা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত রোগতত্ত্ব প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে। এর মধ্যে অধিকাংশই শিশু।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৬৭ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রমে ঘাটতি, শিশুদের অপুষ্টি এবং গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বিশেষ করে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মৃত্যুঝুঁকি বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের দ্রুত হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, চোখ লাল হওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।