অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ

কলকাতা পৌরসভার অভিযোগ, অনুমোদনহীন নির্মাণে বিপাকে মমতার ভাতিজা।টূইট
ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপের মধ্যেই এবার নতুন বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জী। অনুমোদন ছাড়া নির্মাণকাজের অভিযোগে তার বাসভবনের একটি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা।
সোমবার পৌরসভার বিল্ডিং বিভাগ থেকে দুটি পৃথক নোটিশ জারি করা হয়। একটি অভিষেক ব্যানার্জীর মালিকানাধীন সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে এবং অন্যটি তার মা লতা ব্যানার্জীর নামে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, কলকাতার হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বরের ‘শান্তিনিকেতন’ নামে পরিচিত অভিষেকের বাসভবন এবং কালীঘাট রোডের ১২১ নম্বরের সম্পত্তিতে অনুমোদন ছাড়া কিছু অংশ নির্মাণ করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট অবৈধ অংশ ভেঙে ফেলতে হবে অথবা লিখিতভাবে কারণ দর্শাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে পৌর কমিশনার নিজ উদ্যোগে সেই অংশ অপসারণ করবেন। একই সঙ্গে ভাঙার পুরো ব্যয়ও সম্পত্তির মালিকদের বহন করতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বাড়িগুলোর পূর্ণাঙ্গ কাঠামোগত তথ্য এবং ‘অ্যাজ-বিল্ট’ নকশা সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে অবৈধ নির্মাণবিরোধী অভিযানে প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। বিরোধী দলগুলো ইতোমধ্যে রাজ্যজুড়ে ‘বুলডোজার অভিযান’ নিয়ে সমালোচনা শুরু করেছে। এমন পরিস্থিতিতে শাসকদলের অন্যতম প্রভাবশালী নেতার বাড়ির বিরুদ্ধে পৌরসভার এই পদক্ষেপ নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়য়ের ঘনিষ্ঠ রাজনৈতিক উত্তরসূরি হিসেবে অভিষেক ব্যানার্জীকে দীর্ঘদিন ধরেই দেখা হচ্ছে।
ফলে এই নোটিশ শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।






