ছবি বিতর্কে উত্তপ্ত বাউফল

বগা সেতু পরিদর্শনে গিয়ে মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী, মুখোমুখি বিএনপি-জামায়াত সমর্থক।

টুইট ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলার বহুল আলোচিত বগা সেতু নির্মাণ প্রকল্পকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর ছবি ছাড়া মঞ্চ প্রস্তুত করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মুখোমুখি অবস্থানের মধ্যে নির্ধারিত সভামঞ্চে ওঠেননি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সড়কেই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার দুপুরে বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এবং সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার।

স্থানীয় সূত্র জানায়, বাউফল-ঢাকা সড়কের বগা পয়েন্টে প্রস্তাবিত নবম চীন মৈত্রী সেতু নির্মাণ দীর্ঘদিনের জনদাবি। সম্প্রতি এক শিক্ষার্থীর চিঠির পরিপ্রেক্ষিতে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে সেখানে যান সেতুমন্ত্রী। পশ্চিম তীরে গাড়ি রেখে ফেরিযোগে বগা এলাকায় পৌঁছানোর পর তাকে অভ্যর্থনা জানাতে একটি সভামঞ্চ প্রস্তুত করা হয়।

তবে ওই মঞ্চের ব্যানারে সেতুমন্ত্রীর ছবি থাকলেও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তারা মন্ত্রীকে মঞ্চে না নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিএনপি সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকলে জামায়াত সমর্থকেরাও পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়।

পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেতুমন্ত্রী মঞ্চে না উঠে সড়কেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে ফেরিযোগে ফিরে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহামুদ ফিরোজ বলেন, রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প নিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি অনাকাঙ্ক্ষিত। প্রধানমন্ত্রীর ছবি না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বহু প্রতীক্ষিত বগা সেতু প্রকল্প বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক বিরোধ নয় দ্রুত সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হোক।