আট ঘণ্টা পর স্বাভাবিক নওগাঁর বাস চলাচল

চালককে মারধরের ঘটনায় বন্ধ ছিল দূরপাল্লার পরিবহন, আলোচনার পর সমাধান।
টুইট প্রতিবেদক: নওগাঁয় বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর দূরপাল্লার বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের দফায় দফায় বৈঠকের পর বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন রুটে যান চলাচল পুনরায় শুরু হয়।
শ্রমিক সূত্রে জানা গেছে, ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁ বাসস্ট্যান্ডে পৌঁছায়। যাত্রী নামানোর পর বাসটি ঘোরানোর সময় পাশের একটি চায়ের দোকানে অবস্থান করা কয়েকজন যুবক হঠাৎ চালকের ওপর হামলা চালায়। পরে তারা বাস কাউন্টারে গিয়ে ভাঙচুরেরও চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা তাৎক্ষণিকভাবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। ফলে সকাল থেকে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে ঢাকা ও উত্তরাঞ্চলগামী যাত্রীরা দীর্ঘ সময় বাসস্ট্যান্ডে আটকে থাকেন।
নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং কয়েক ঘণ্টা পর বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
প্রশাসনের পক্ষ থেকেও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। স্থানীয়ভাবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।






