প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

গভীর রাতে গ্রিল কেটে প্রবেশ, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল।
টুইট ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে প্রবাসী মো. বিল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাংলাদেশ পুলিশ এর ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী খুর্শিদা বেগম জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তাকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখা হয়। ডাকাতরা ঘরে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, দুটি স্মার্টফোন, ১১টি বিদেশি কম্বল, প্রসাধনী সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতদল চলে যাওয়ার পর তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি গ্রামাঞ্চলে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে প্রবাসীদের বাড়িগুলোকে টার্গেট করে সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতরা ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে নির্যাতন করেছে।
জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।






