জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক

মতলব দক্ষিণে জরুরি সভার সিদ্ধান্ত, কেন্দ্রেও পাঠানো হলো প্রতিবেদন
টুইট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কার্যক্রমে যুক্ত হওয়ার একদিনের মাথায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১৮ মে) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়কের নির্দেশনা এবং জেলা আহ্বায়কের অনুমতিক্রমে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই সঙ্গে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় কাউন্সিলে প্রতিবেদনও পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ১৬ মে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। সেখানে তিনি সহযোগী সদস্যের ফরম পূরণ করে দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।
যোগদানের পর দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা থেকেই তিনি এ রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা নেতার রাজনৈতিক সিদ্ধান্ত এবং পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নিয়ে নানা মহলে আলোচনা চলছে।






