জিলহজের প্রথম দশক: বছরের শ্রেষ্ঠ সময়

কুরআন-হাদিসে বিশেষ মর্যাদাপূর্ণ এই দিনগুলোতে বাড়াতে হবে ইবাদত-বন্দেগি
টুইট ডেস্ক: জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, জিলহজ মাসের প্রথম দশ দিন হলো বছরের শ্রেষ্ঠ দশটি দিন। এই দিনগুলোতে সালাত, সিয়াম, হজ ও কুরবানির মতো মৌলিক ইবাদতের সমন্বয় ঘটে, যা অন্য কোনো সময়ে একসঙ্গে পাওয়া যায় না।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআনের সূরা আল-ফজরে আল্লাহ তাআলা এই দশ দিনের শপথ করেছেন। হাদিস অনুযায়ী, এ সময়ের নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এমনকি কিছু বর্ণনায় জিহাদের চেয়েও অধিক মর্যাদার কথা উল্লেখ এসেছে।
তিনি মুসলমানদের প্রতি এই দিনগুলোতে বেশি বেশি নফল নামাজ, রোজা, তাকবির, তিলাওয়াত, দান-সদকা ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের আহ্বান জানান।
অন্যদিকে ইসলামি আলোচক ও assunnahfoundation.org�–এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশে জিলহজের প্রথম দশকে ঘরবাড়ি ও মসজিদের সামনে মৃদু স্বরে তাকবির প্রচারের ব্যবস্থা করা হয়, যাতে মানুষ এই বরকতময় দিনগুলোর কথা স্মরণ করতে পারে।
তিনি জানান, একই উদ্যোগ তিনি নিজ বাসা ও মসজিদেও নিয়েছেন। পথচারীরা তাকবির শুনলে তাদের অন্তরে ঈমানি আবহ তৈরি হবে এবং তারা ইবাদতের প্রতি আরও উৎসাহিত হবেন বলেও মন্তব্য করেন।
জিলহজের প্রথম দশকে গুরুত্বপূর্ণ আমল
পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায়
নফল রোজা পালন, বিশেষ করে আরাফার রোজা
বেশি বেশি তাকবির, তাহলিল ও তাসবিহ পাঠ
কুরআন তিলাওয়াত ও দোয়া
দান-সদকা ও কুরবানির প্রস্তুতি
আত্মশুদ্ধি ও গুনাহ থেকে বিরত থাকা
ইসলামি স্কলারদের মতে, এই দশ দিন মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের এক অনন্য সুযোগ।






