দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু, সাত দিনের ছুটি ঘোষণা।

টুইট প্রতিবেদক: দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রাজধানীর বায়তুল মোকাররম সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়।

ধর্মমন্ত্রী জানান, মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই ধারাবাহিকতায় ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে ঈদ উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে এ ছুটি কার্যকর হবে। পাশাপাশি তৈরি পোশাক খাতের কারখানাগুলোও ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঈদ সামনে রেখে রাজধানীসহ সারা দেশে ইতোমধ্যে পশুর হাট, গণপরিবহন ব্যবস্থাপনা ও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।