আলভীর স্ত্রী মৃত্যুর মামলা ডিবিতে

তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৪ জুন।

টুইট ডেস্ক: অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গত ১৪ মে থেকে মামলাটির তদন্তভার আনুষ্ঠানিকভাবে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ১ মার্চ রাজধানীর মিরপুরের বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা প্রথমে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।

পরে স্বজন ও বাসার মালিকের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ওইদিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মিরপুর মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। মামলায় আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভী।