ফ্যামিলি কার্ড নয়, উৎপাদনে জোর দেওয়ার আহ্বান

স্বাবলম্বী হতে কৃষি ও খামারভিত্তিক কাজে যুক্ত হওয়ার তাগিদ শ্রমমন্ত্রীর।
টুইট ডেস্ক: শুধু সরকারি সহায়তা কিংবা ফ্যামিলি কার্ডের ওপর নির্ভর না করে উৎপাদনমুখী কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, কৃষিকাজ, হাঁস-মুরগি পালন, গবাদিপশুর খামারসহ বিভিন্ন আয়ের উৎস তৈরির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে।
শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
অনুষ্ঠানে উপজেলার নিজপাট ইউনিয়ন এলাকার ৪৬৫ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
একইসঙ্গে চাঁদপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সঙ্গে অনলাইনে যুক্ত হন অংশগ্রহণকারীরা।
শ্রমমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কিংবা ফ্যামিলি কার্ডের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না।
দেশের প্রতিটি মানুষকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। তিনি আরও বলেন, “প্রত্যেকের দুটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে।”
দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে।
এর মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিরা সহজে বিভিন্ন সরকারি সেবা ও সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে সকালে তোয়াকুল কলেজ প্রাঙ্গণে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী।
পরে গোয়াইনঘাট উপজেলা এলাকার পিয়াইন নাতারখাল ইস্টি ব্রিজ থেকে সাকেরপকের খাল পর্যন্ত পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন।






