ভারতীয় পণ্য জব্দ, আটক ২

ঈদ সামনে রেখে সীমান্তে চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযানের ঘোষণা পুলিশের।

টুইট প্রতিবেদক: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও বাসমতি চাল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আজাদ আলী মন্ডল ও চায়না বেগম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।

গোপন তথ্য ও দীর্ঘ নজরদারির ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুনতাসির মামুন মুন বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেট সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

এসব অপতৎপরতা দমনে ভুরুঙ্গামারী সার্কেলের আওতাধীন থানাগুলোতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।