কুবির সঙ্গে একাডেমিক সম্পর্ক চায় পাকিস্তানের ফাস্ট

বিনিময় কর্মসূচি ও গবেষণা সহযোগিতায় আগ্রহ।

টুইট প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সঙ্গে যৌথ একাডেমিক কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস (ফাস্ট-এনইউসিইএস)।

সম্ভাব্য সহযোগিতা নিয়ে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ফাস্ট-এনইউসিইএসের আন্তর্জাতিক শিক্ষা অফিসের প্রধান মির্জা ওয়াকার বেগ।

কুবির পক্ষে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান।

বৈঠকে ফাস্ট-এনইউসিইএসের পক্ষ থেকে জানানো হয়, তাদের করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, চিনিওট-ফয়সালাবাদ ও মুলতান ক্যাম্পাসে কুবির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনিময় কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, গ্রীষ্মকালীন শিক্ষা কার্যক্রম এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বাস্তবায়িত হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বৈশ্বিক শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।