ডাকসুর ১৫ নেতার চীন সফর

চীনা দূতাবাসের আমন্ত্রণে সপ্তাহব্যাপী সফর শুরু।

টুইট প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসের আমন্ত্রণে সপ্তাহব্যাপী সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

সফরের আগে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য সফরের সার্বিক সফলতা কামনা করেন এবং সফরকালীন প্রতিনিধিদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

প্রতিনিধিদলে রয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।

সপ্তাহব্যাপী সফরে প্রতিনিধিদলটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবে। পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানও ঘুরে দেখার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের সফর দুই দেশের তরুণ নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও শিক্ষা–সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।