জামায়াতের প্রত্যেককে সার্চলাইট দিয়ে দেখা হবে: সতর্ক করলেন জামায়াত আমির

ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বাড়তি নজরদারির কথা তুলে ধরে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান

টুইট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক বাস্তবতা বদলেছে, তাই এখন জামায়াতের প্রতিটি নেতা-কর্মীকে আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তার ভাষায়, দলকে এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে, ফলে দলের প্রত্যেকের ওপরই থাকবে কড়া নজরদারি।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চল জামায়াত আয়োজিত উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আগে অনেকেই দলটিকে নিষ্ক্রিয় মনে করতেন। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখন অনেকে জামায়াতকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী ভাবছে। এজন্য দলের প্রত্যেককে ‘সার্চলাইটের’ আওতায় থাকতে হবে। তিনি বলেন, দুটি সার্চলাইট এখন দলীয় নেতাকর্মীদের দিকে তাক করা—একটি আল্লাহর, অন্যটি জনগণের।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সংগঠনের দায়িত্বশীলদের শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে এবং সবসময় আত্মসমালোচনা ও সতর্কতার মধ্যে থাকতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। অর্থের প্রভাব নয়, জনগণের আস্থা নিয়েই নির্বাচনে জয়ী হতে হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং যোগ্য ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে, এমনকি তারা আগে দলবিরোধী অবস্থানে থাকলেও।

অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতের পার্থক্য তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে দাগমুক্ত রাজনীতি করতে হবে। দলের জনপ্রতিনিধিদেরও দায়িত্ব পালনে বৈষম্য না করার আহ্বান জানান তিনি।