সম্প্রীতির বন্ধনে সংবর্ধনা

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় রাসিক প্রশাসকের উপস্থিতিতে উন্নয়ন প্রত্যাশার নতুন বার্তা।

টুইট প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ায় পবিত্র পরিবার ধর্মপল্লীর উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, নাগরিক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

ধর্মপল্লীতে শুভাগমন উপলক্ষে শুরুতেই ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে রাসিক প্রশাসককে বরণ করে নেন খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানজুড়ে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। রাজশাহী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। সকল সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও উন্নত নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন ও সব সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার উন্নয়নে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন দাবি ও সমস্যা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের কাছে বিভিন্ন উন্নয়নমূলক দাবি উপস্থাপন করেন। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রশাসক।

এতে এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিত্র পরিবার ক্যাথলিক গীর্জার পাল পুরোহিত ফাদার লিটন, গ্রাম প্রধান ও প্যারিস কাউন্সিলের সহ-সভাপতি রাফায়েল মুর্মু, সদস্য মাইকেল মারান্দী, সৃজনশীল যুব সংঘের উপদেষ্টা খোকন বাক্সি এবং নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি সুমী মুর্মুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বর্তমান সদস্য রনি হোসেন রাহুল, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন নন্দিনী, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব সম্প্রদায়ের মানুষের উন্নয়নে রাসিক প্রশাসকের আন্তরিক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।