স্বস্তির খবর: কমল স্বর্ণের দাম

টানা দুই দফা বৃদ্ধির পর ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা, নতুন দাম কার্যকর আজ থেকেই
টুইট ডেস্ক: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তির খবর এসেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। নতুন এ মূল্য আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে গত ৭ মে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময়ও একই পরিমাণ-২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
স্বর্ণবাজারের সাম্প্রতিক চিত্র বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে, আর কমেছে ২৮ বার। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের ঘটনা ঘটে, যেখানে ৬৪ বার বেড়েছিল দাম এবং ২৯ বার কমেছিল।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার এবং স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার প্রভাবেই দেশের স্বর্ণবাজারে এমন ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।






