হাদির বিচার দাবিতে বিক্ষোভ

নলছিটিতে স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন, ক্ষোভ জানালেন মাসুমা হাদি।

টুইট প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি ধরে রাখতে ‘হাদি স্মৃতি মঞ্চ’-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা দ্রুত বিচার নিশ্চিত এবং অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

সোমবার বেলা ১১টার দিকে নলছিটি শহরের কুড়িপট্টি এলাকায় ওসমান হাদির শৈশবের টিনের ঘরে স্মৃতি মঞ্চের কার্যালয় উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সেলিম তালুকদার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় পরিবার ও আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বক্তারা অভিযুক্তদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।

হাদির বোন মাসুমা হাদি সমাবেশে বলেন, “ওসমান হাদির হত্যার বিচার না হওয়া মানে জুলাই আন্দোলনের চেতনার পরাজয়।” তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ায় পরিবার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে নলছিটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন। আয়োজকেরা জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।