ব্যাংক দলিলে কিউআর কোড বাধ্যতামূলক

ভিসা আবেদন যাচাই সহজ ও জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

টুইট ডেস্ক: বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় ব্যাংক দলিল যাচাই আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক স্টেটমেন্ট, সচ্ছলতা সনদ এবং বিনিয়োগ সনদসহ গুরুত্বপূর্ণ আর্থিক দলিলে অনলাইন যাচাইযোগ্য কুইক রেসপন্স (কিউআর) কোড সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ এর সার্কুলার অনুযায়ী, বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা কেন্দ্রগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশি আবেদনকারীদের আর্থিক দলিল যাচাইয়ে জটিলতার মুখে পড়ছে। তাৎক্ষণিক ডিজিটাল যাচাই ব্যবস্থা না থাকায় ভিসা প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যা নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ব্যাংক স্টেটমেন্ট ও সংশ্লিষ্ট সনদে এমন কিউআর কোড থাকতে হবে, যা স্ক্যান করলে হিসাব নম্বর, হিসাবধারীর নাম, নির্দিষ্ট সময়ের উদ্বোধনী ও সমাপনী স্থিতি এবং দলিল তৈরির তারিখ তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে। এসব তথ্য ন্যূনতম ছয় মাস পর্যন্ত অনলাইনে সংরক্ষণ ও যাচাইযোগ্য রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলার জারির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিদ্যমান আইন কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভিসা আবেদন প্রক্রিয়াকে দ্রুত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ করবে। পাশাপাশি জাল আর্থিক দলিল ব্যবহারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোর জন্য এটি একটি কার্যকর ডিজিটাল সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।