সীমান্তে বিএসএফের গুলি, হাসপাতালে যুবক

মহেশপুর সীমান্তে রাবার বুলেটে আহত বৈষ্ণববিহারী, চিকিৎসাধীন যশোরে।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে বৈষ্ণববিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বৈষ্ণববিহারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপালচন্দ্র মণ্ডলের ছেলে। জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য ২৩ দিন আগে তিনি ভারতে গিয়েছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।

এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. শফিকুর রহমান জানান, আহতের শরীরের কয়েকটি স্থানে আঘাত রয়েছে।

তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।