চাটমোহরে আবারও বজ্রপাতে প্রাণহানি

দেড় ঘণ্টার ব্যবধানে দুই কৃষকের মৃত্যু, আতঙ্কে গ্রামাঞ্চল।
টুইট ডেস্ক: পাবনার চাটমোহর উপজেলায় দেড় ঘণ্টার ব্যবধানে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে বজ্রপাতে।
বুধবার বিকেলে কালবৈশাখীর সময় এ ঘটনা ঘটে। নিহত আউয়াল ফারাজী তোরাব (৫৫) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল প্রায় চারটার দিকে ডিকশিবিল এলাকা থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল রহিম জানান, বিকেলের ঝড়-বৃষ্টির মধ্যে মাঠ থেকে ফেরার সময় বজ্রপাত আঘাত হানে আউয়াল ফারাজীর ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামে বজ্রপাতে রব্বান আলী নামে আরও এক কৃষকের মৃত্যু হয়। একদিনে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, বৈরী আবহাওয়ার সময় কৃষকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে আরও সচেতনতা বাড়ানো জরুরি।
- বিশেষ করে খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা।






