উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোর দাবি

বিনামূল্যে ওষুধ সরবরাহ পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বাড়ছে ঝুঁকি।
টুইট প্রতিবেদক: দেশে অসংক্রামক রোগে মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এর মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই অর্থায়নের অভাবে সবার জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের সরকারি উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে উচ্চ রক্তচাপের প্রকোপ আরও বাড়ছে।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় এ সভার আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘একসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ’।
আলোচনা সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগজনিত কারণে মারা গেছেন প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর পেছনে দায়ী ছিল উচ্চ রক্তচাপ। বিশ্বব্যাপী প্রতিবছর এক কোটির বেশি মানুষ এ রোগে প্রাণ হারান।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ বিনামূল্যে দেওয়ার কার্যক্রম শুরু হলেও পর্যাপ্ত বরাদ্দ না থাকায় দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘স্বাস্থ্য ও রোগব্যাধি পরিস্থিতি জরিপ-২০২৫’ অনুযায়ী, দেশে শীর্ষ ১০ রোগের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু বাজেট বাড়ালেই হবে না, বরাদ্দের কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বলেন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ অব্যাহত রাখতে সরকার কাজ করছে। এ উদ্যোগ ইতিবাচক ফল দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপজনিত রোগ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, গবেষণাভিত্তিক প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করলে উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
চ্যানেল-২৪ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের সক্রিয় করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নকে ব্যয় নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত।






