বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের

তেঁতুলিয়ায় ব্যাটারি চার্জ দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু।
টুইট প্রতিবেদক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সালাম (৩০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঝাড়বাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের বাসিন্দা এবং মো. শমসের আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানা–র অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।






