‘ইমেজ টু ভিডিও ২.০’সহ দেশে এলো নতুন প্রিমিয়াম স্মার্টফোন

এআই ফিচারে অনার ৬০০ সিরিজ। নতুন প্রিমিয়াম স্মার্টফোন।
টুইট প্রতিবেদক: বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন প্রিমিয়াম ৫জি সিরিজ উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড HONOR। রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয় ‘অনার ৬০০ ৫জি’ সিরিজ।
নতুন সিরিজের সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’। এই প্রযুক্তির মাধ্যমে স্থির ছবিকে সহজেই সিনেম্যাটিক ভিডিওতে রূপান্তর করা যাবে। ব্যবহার সহজ করতে ফোনে যুক্ত করা হয়েছে ডেডিকেটেড এআই বাটন।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার Lang Guo বলেন, প্রযুক্তি শুধু যন্ত্র নয়, বরং এটি সৃজনশীলতার অনুপ্রেরণা। অনার ৬০০ সিরিজের উন্নত এআই প্রযুক্তি ব্যবহারকারীদের বিশেষ মুহূর্ত আরও নান্দনিকভাবে তুলে ধরতে সহায়তা করবে।
অনার ৬০০ সিরিজে ব্যবহার করা হয়েছে মাত্র ০.৯৮ মিলিমিটার বেজেল, যা বর্তমানে স্মার্টফোন খাতের সবচেয়ে সরু বেজেলের অন্যতম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ফোনের ইউনিবডি ডিজাইনে রয়েছে কম্পোজিট ফাইবার ব্যাক ও ম্যাট মেটাল ফিনিশ। পাশাপাশি টেকসই সুরক্ষার জন্য এতে যুক্ত করা হয়েছে ‘এসজিএস ৫-স্টার’ সার্টিফিকেশন।
ফটোগ্রাফির জন্য ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের নেক্সট-জেনারেশন এআই ক্যামেরা সিস্টেম এবং ‘সিআইপিএ ৬.০’ গ্রেডের ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। কম আলোতেও উন্নত ছবি তুলতে এতে রয়েছে ‘আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা’ ও এআই কালার ইঞ্জিন।
পারফরম্যান্সের দিক থেকেও সিরিজটিতে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। প্রো ভ্যারিয়েন্টে রয়েছে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট এবং রেগুলার ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4। ফোনগুলোতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট তারযুক্ত সুপারচার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।
দামের ক্ষেত্রে অনার ৬০০ প্রো ১২+২৫৬ জিবি সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। রেগুলার ভ্যারিয়েন্টের ৮+২৫৬ জিবি সংস্করণের দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা এবং ১২+২৫৬ জিবি সংস্করণের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা।
এছাড়া একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে ‘অনার ৬০০ লাইট’, যার দাম রাখা হয়েছে ৪৪ হাজার ৯৯৯ টাকা।
অরেঞ্জ, গোল্ডেন হোয়াইট ও ব্ল্যাক—এই তিনটি রঙে স্মার্টফোনগুলো পাওয়া যাবে। আগামী ১৫ মে পর্যন্ত প্রি-বুকিং সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নতুন এই সিরিজ দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এআইনির্ভর ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।






