পাকিস্তানে আত্মঘাতী হামলা

খাইবার পাখতুনখাওয়ায় পুলিশ স্থাপনায় বিস্ফোরণ, নিহত ১৫
টুইট প্রতিবেদক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাটি সরাসরি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করেই চালানো হয়েছে।
শনিবার রাত প্রায় ৯টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সরকারি সূত্রের বরাতে জানা যায়, বিস্ফোরকবোঝাই একটি দ্রুতগতির গাড়ি পুলিশ স্থাপনার ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
শক্তিশালী ওই বিস্ফোরণে ভবনের বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে রাতভর অভিযান পরিচালনা করা হয়।
রোববার নিহত পুলিশ সদস্যদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। জানাজায় স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার প্রবণতা বেড়েছে। তবে এ হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, আফগান সীমান্তসংলগ্ন অঞ্চলে জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ঝুঁকি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে হামলার সংখ্যা বেড়েছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে চাপে ফেলছে।






