এসপি বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

পঞ্চগড় ও ফেনীর পুলিশ সুপারকে প্রত্যাহার, নিয়োগ নিয়ে বিতর্কের পর পদক্ষেপ।

টুইট প্রতিবেদক: পঞ্চগড় ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান এবং ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান।

সোমবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুব আলম খানকে ১০ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে দায়িত্ব হস্তান্তর করে নির্ধারিত সময়ের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

ফেনীর এসপি হিসেবে মাহবুব আলম খানের পদায়নের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাকে ঘিরে সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলার আসামি থাকার অভিযোগ সামনে আসে।

এ প্রেক্ষাপটে তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ মে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।

রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ আবেদন করেন।

পুলিশ প্রশাসনের সাম্প্রতিক এই সিদ্ধান্ত প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।