নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে যোগ্যতাভিত্তিক সহায়তার আহ্বান

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে যোগ্যতাভিত্তিক সহায়তার আহ্বান

টুইট প্রতিবেদক: পুনাকের বার্ষিক সমাবেশে ডা. জুবাইদা রহমানের বক্তব্য
স্বনির্ভর বাংলাদেশ গঠনে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পখাতে

নারীদের যোগ্যতার ভিত্তিতে উৎসাহ ও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীদের উপযুক্ত প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজারজাতকরণ সহায়তা নিশ্চিত করা গেলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি, সন্তানের শিক্ষা বিস্তার এবং দারিদ্র্য বিমোচনের পথ আরও সুগম হবে।

সোমবার পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, পুনাকের সদস্যরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের কর্মপ্রচেষ্টা আগামী প্রজন্মকে সমাজ উন্নয়নে সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি মানবিক, সুস্থ ও কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে গৃহীত সমাজসেবামূলক কর্মসূচিগুলো সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

নারীর ক্ষমতায়নে পরিবার ও সমাজভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়নে নারীদের সক্রিয় সম্পৃক্ততা কন্যাশিশুর নিরাপত্তা এবং মানবিক বিকাশ নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে প্রতিটি মেয়েশিশু যেন নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে জন্য রাষ্ট্রকে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

সমাবেশে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এছাড়া পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টলের মধ্যে সাতক্ষীরা জেলা প্রথম, রাজশাহী দ্বিতীয় এবং লালমনিরহাট তৃতীয় স্থান অর্জন করে।

পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।