ফতুল্লায় অভিযানে শটগানসহ যুবক আটক

ফতুল্লায় র্যাবের অভিযানে উদ্ধার পুলিশের লুট হওয়া অস্ত্র।
টুইট প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ পলাশ হোসেন আকাশ (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১১। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক পলাশ ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার জালাল মোল্লার ছেলে।
র্যাব সূত্র জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল নিয়মিত রাত্রীকালীন টহলের সময় গোপন তথ্য পায়,জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ সরিয়ে রাখতে সস্তাপুর এলাকায় অবস্থান করছেন পলাশ।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।






