৫৪ বছর পর ফেরা জেলে

উত্তাল সাগরে নিখোঁজ, অর্ধশতাব্দী পর ফিরলেন নিজ বাড়িতে
টুইট প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় ৫৪ বছর আগে সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ ফিরে আসায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আবেগঘন পরিবেশ। পরিবারের সদস্যরা যাকে বহু আগেই মৃত ভেবে নিয়েছিলেন, সেই ছৈয়দ আহাম্মদ জীবনের শেষ প্রান্তে এসে ফিরে পেয়েছেন নিজের শেকড়।
হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এমপির পুল সংলগ্ন ফজলি বাড়ির বাসিন্দা ছৈয়দ আহাম্মদ প্রায় ৫৪ বছর আগে কুতুবদিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন।
পরিবারের দাবি, উত্তাল সাগরে ভেসে তিনি ভারতের কোনো এলাকায় পৌঁছে যান। এরপর দীর্ঘ সময় তিনি পরিচয়হীন জীবন কাটান বিভিন্ন মসজিদ, মাজার ও পথে-প্রান্তরে।
স্বজনদের ভাষ্য, সম্প্রতি ভারতের হাওড়া এলাকায় দুষ্কৃতকারীদের কবলে পড়ে সর্বস্ব হারানোর পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। পরে স্মৃতির টানে নিজ গ্রামের ঠিকানা খুঁজে হাতিয়ায় পৌঁছান তিনি।
গত মঙ্গলবার বাড়িতে এসে নিজের পরিচয় দিলে প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি। পরে তার সহপাঠী ও স্বজনরা তাকে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় করেন শত শত মানুষ।
ছৈয়দ আহাম্মদের ছেলে আকরাম বলেন, জন্মের পর থেকেই বাবাকে হারিয়েছিলেন তিনি। এতদিন শুধু গল্প শুনেছেন, এবার জীবনের শেষ সময়ে বাবাকে কাছে পেয়েছেন। তবে বাবার দায়িত্ব ও সঙ্গে থাকা অর্থ নিয়ে পরিবারের ভেতরে কিছু টানাপোড়েনও তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের অনেকে ঘটনাটিকে অলৌকিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন। আবার কেউ প্রশ্ন তুলছেন,এত বছর তিনি কোথায় ছিলেন, কেন পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, ৫৪ বছর পর এক জেলের ফিরে আসার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। প্রয়োজন হলে আইনগত সহায়তা দেওয়া হবে।






