লোহাগাড়ায় ভয়াবহ বাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুখোমুখি ধাক্কা, আহত অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

টুইট প্রতিবেদক: চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।

প্রাথমিকভাবে ঘটনাস্থলেই রেহেনা বেগম (৬৬) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা ও বদিউল আলমের স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত বাকি তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি বাসের চালক কক্সবাজারের হারবাং এলাকায় অন্য একটি গাড়িচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর ক্ষুব্ধ অবস্থায় দ্রুতগতিতে বাস চালানোর সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মারসা পরিবহনের বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ফিরোজ খান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অনেক যাত্রীর শরীরে গুরুতর আঘাত রয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এ দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও চালকদের অসচেতনতার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।