চিকিৎসা ফলোআপে যুক্তরাজ্যে রাষ্ট্রপতি

অস্ত্রোপচারের পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের বিশেষায়িত হাসপাতালে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

টুইট ডেস্ক: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ববর্তী অস্ত্রোপচারের ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (০৯ মে ২০২৬) সকাল পৌনে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি–২০১) থেকে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক দল, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কূটনৈতিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সেই অস্ত্রোপচারের পরবর্তী চিকিৎসা পর্যবেক্ষণ ও ফলোআপ পরীক্ষার অংশ হিসেবেই যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।

চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।