ট্রাম্পের হুমকিতে তেহরানের তীব্র ব্যঙ্গ

‘শান্তির কথা বলে বোমার হুমকি’— ট্রাম্পকে কটাক্ষ ইরানের।
টুইট ডেস্ক: তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পারমাণবিক হামলার হুমকিকে ‘বিরোধপূর্ণ ও হাস্যকর’ বলে কটাক্ষ করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “একদিকে তারা শান্তি প্রতিষ্ঠা ও পারমাণবিক সংকট ঠেকানোর কথা বলে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বোমা হামলার হুমকি দেয়— এটি এক অদ্ভুত বৈপরীত্য।”
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাঘাই যুক্তরাষ্ট্রের বিখ্যাত যুদ্ধবিরোধী চলচ্চিত্র ডক্টর স্ট্রেঞ্জলাভ-এর একটি অংশও পোস্ট করেন। স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৬৪ সালের এই চলচ্চিত্রে ভুলবশত পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার ভয়াবহতা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছিল।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সতর্ক করে বলেন, “যদি সমঝোতা ব্যর্থ হয়, তাহলে ইরান থেকে বড় ধরনের বোমা হামলার দৃশ্য দেখতে হবে।” একই সঙ্গে তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করাকে সম্ভাব্য সমঝোতার প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে ট্রাম্পের এমন বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রম, ইসরাইল-ইরান সংঘাত এবং উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও গভীর হচ্ছে।
এদিকে তেহরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের প্রতিরক্ষা ও পারমাণবিক নীতিতে কোনো ধরনের চাপের কাছে তারা নতি স্বীকার করবে না।
সূত্র: আলজাজিরা






