রাজধানীতে সাঁড়াশি অভিযান

এক সপ্তাহে গ্রেপ্তার ৮৯৩, চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা।

টুইট প্রতিবেদক: রাজধানীজুড়ে বিশেষ অভিযানে গত এক সপ্তাহে ৮৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কারবার ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি সূত্র জানায়, ১ মে থেকে রাজধানীতে তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় তেজগাঁও ও মিরপুর বিভাগে অভিযান চালিয়ে আরও ১০১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকেই অধিকাংশ গ্রেপ্তার সম্পন্ন হয়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে চাঁদাবাজি, কিশোর গ্যাং তৎপরতা, অস্ত্র প্রদর্শন এবং অনলাইনভিত্তিক অপরাধ বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু অপরাধী চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণে উঠে এসেছে।

ডিএমপির দাবি, শুধু গ্রেপ্তার নয়,অপরাধচক্রের আর্থিক নেটওয়ার্ক, মাদক সরবরাহ ব্যবস্থা এবং অনলাইন জুয়ার সংযোগও খতিয়ে দেখা হচ্ছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান আরও বিস্তৃত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজধানীতে ধারাবাহিক অপরাধ দমনে বিচ্ছিন্ন অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন স্থায়ী গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং স্থানীয় পর্যায়ে তথ্যভিত্তিক পুলিশি কার্যক্রম। অন্যথায় গ্রেপ্তারের পরও অপরাধচক্র নতুন সদস্য সংগ্রহ করে আবার সক্রিয় হওয়ার ঝুঁকি থেকে যায়।

এদিকে রাজধানীবাসীর প্রত্যাশা, চলমান এই অভিযানে যেন কেবল খুচরা অপরাধী নয়, বরং অপরাধের নেপথ্যের প্রভাবশালী গডফাদারদেরও আইনের আওতায় আনা হয়।