বোনের বাড়িতে এসে প্রাণ গেল রাজুর

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশুর চোখে গুলি; আতঙ্কে এলাকাবাসী।

টুইট প্রতিবেদক: চট্টগ্রামের বায়েজিদ থানার শহীদনগর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ রাজু (২৮) নামে এক যুবক। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চার থেকে পাঁচ বছর বয়সী এক শিশু। শিশুটির একটি চোখে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে শহীদনগরের একটি বাসায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে ঘর থেকে বের হতে সাহস না পেলেও পরে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রাজুকে পড়ে থাকতে দেখেন। পাশে কান্নাকাটি করছিল গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তার।

স্থানীয়রা দ্রুত দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুটির চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত রাজুর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি কয়েকদিনের জন্য বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, হামলার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী ছিল,তা খতিয়ে দেখতে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। রাতের পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধমূলক তৎপরতা বেড়ে গেলেও কার্যকর প্রতিরোধ দেখা যাচ্ছে না।