জনতার সংসদের ডাক, রাজপথে নতুন রাজনৈতিক বার্তা

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিকল্প ‘জনতার সংসদ’ আয়োজনের ঘোষণা।

টুইট ডেস্ক:৩ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগ। ‘জনতার সংসদ’ নামে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে সরাসরি জনগণের অংশগ্রহণে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে নাগরিক সংলাপ গড়ে তোলার কথা জানিয়েছে সংগঠনটি।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আয়োজকরা জানান, জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান জাতীয় সংসদ ব্যর্থ হয়েছে বলেই তারা মনে করছেন। সেই প্রেক্ষাপটে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বিকল্প গণমুখী সংসদীয় সংলাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের দাবি, জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনের পর জনগণ এমন একটি সংসদ প্রত্যাশা করেছিল, যেখানে দ্রব্যমূল্য, জ্বালানি সংকট, স্বাস্থ্যখাতের দুরবস্থা ও নাগরিক অধিকার প্রশ্নে কার্যকর সমাধান আসবে। কিন্তু বাস্তবে সংসদীয় কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।

গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি আরিফ সোহেল বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ জনগণের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করার পরিবর্তে উল্টো জনগণকেই উপেক্ষা করছে।

তার ভাষ্য, সংসদ পরিচালনায় বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষের মৌলিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ অনুপস্থিত।

তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী সংস্কার প্রশ্নে আপসের রাজনীতি চলছে এবং সংসদে দুর্বল বিরোধিতার মাধ্যমে গণঅভ্যুত্থানের আত্মত্যাগকে খাটো করা হচ্ছে।

এ কারণেই জনগণের সরাসরি অংশগ্রহণে ‘জনতার সংসদ’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে সময় ও স্থান ঘোষণা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পিপলস রেভ্যুলুশনারি ইনিশিয়েটিভ-প্রি’ পেইজের মাধ্যমে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের চলমান অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সংস্কার বিতর্কের প্রেক্ষাপটে এ ধরনের বিকল্প রাজনৈতিক কর্মসূচি নতুন জনআলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।

বিশেষ করে তরুণ প্রজন্ম ও আন্দোলন-সংশ্লিষ্ট নাগরিকদের মধ্যে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আগ্রহ দেখা দিয়েছে।