বগুড়া সিটি করপোরেশনসহ ৫ নতুন উপজেলা অনুমোদন

প্রশাসনিক বিকেন্দ্রীকরণে বড় পদক্ষেপ, জনসেবা পৌঁছাবে তৃণমূলে

টুইট প্রতিবেদক: দেশের প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর ও জনমুখী করতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একইসঙ্গে চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়ার। পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার মাধ্যমে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই বৈঠকে দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনিক কার্যক্রম সহজ করতে পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। নতুন উপজেলাগুলো হলো,

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুর সদর উপজেলা বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, নতুন উপজেলা গঠনের ফলে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে, কমবে ভোগান্তি এবং ত্বরান্বিত হবে আঞ্চলিক উন্নয়ন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সেবাগুলো আরও দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।

বিশ্লেষকরা বলছেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও বিস্তৃত প্রশাসনিক এলাকার কারণে উপজেলা বিভাজনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

নিকারের এ সিদ্ধান্ত স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।