মেধাস্বত্বে উদ্ভাবনের আহ্বান

ডুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদ্যাপন, গবেষণা সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্ব।
টুইট প্রতিবেদক: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। “আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে গবেষণা ও উদ্ভাবনের সুরক্ষা এবং মেধাস্বত্ব সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা ও র্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষক ও উদ্ভাবকের চিন্তা ও সৃজনশীলতার আইনগত সুরক্ষা নিশ্চিত করতে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা অপরিহার্য। তাঁর মতে, আধুনিক বিশ্বে টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হলো গবেষণা ও উদ্ভাবন, আর এর সুরক্ষা নিশ্চিত না হলে উদ্ভাবনের প্রকৃত সুফল পাওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, মেধাস্বত্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছাড়া গবেষণার যথাযথ স্বীকৃতি ও বাণিজ্যিক সুযোগ হারানোর ঝুঁকি থাকে। তাই শিক্ষক ও গবেষকদের এ বিষয়ে দক্ষতা অর্জন জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে ডুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মেধাস্বত্ব আইন, নীতি ও প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে দিবসটির সমাপ্তি ঘোষণা করা হয়।






