যশোরে ২৬ সোনার বার জব্দ

নীলগঞ্জ ব্রিজে বিজিবির অভিযানে আটক ৩, উদ্ধার সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ।

টুইট ডেস্ক: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি সোনার বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার করা হয়েছে সোনা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ অর্থ।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায় বিজিবি-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা। যশোর ব্যাটালিয়ন সদর দপ্তরের অদূরে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সোনার চালানটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয় তাদের টহল দল। পরে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এছাড়া সোনা পাচারে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০ নম্বরের প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এসব সোনার বার সংগ্রহ করা হয়েছিল। পরে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সেগুলো বহন করা হচ্ছিল।

বিজিবি বলছে, সীমান্তকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।