বন্য শূকরের হামলায় রক্তাক্ত পাহাড়

রাঙামাটির বরকলে আহত নারীকে চট্টগ্রামে স্থানান্তর, আতঙ্কে স্থানীয়রা

টুইট প্রতিবেদক: রাঙামাটির বরকল উপজেলায় বন্য শূকরের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক পাহাড়ি নারী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভূষণছড়া ইউনিয়নের উজানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আল্পনা চাকমা (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় কলাবুনিয়া বাজার থেকে কেনাকাটা শেষে জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন আল্পনা চাকমা। পথে মধ্য আদম এলাকার একটি ঝিরির পাশে পৌঁছালে হঠাৎ বন্য শূকরের একটি দল তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

প্রথমে গুরুতর অবস্থায় তাকে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের স্বামী জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার স্ত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলেন, “শরীর থেকে রক্ত পড়া এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আমরা খুব উদ্বিগ্ন।”

ঘটনার পর উজানছড়ি ও আশপাশের পাহাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে খাদ্যের সন্ধানে বন্য প্রাণী লোকালয়ে চলে আসার ঘটনা বেড়েছে। বিশেষ করে পাহাড়ঘেরা দুর্গম পথগুলোতে সন্ধ্যার পর চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা বনাঞ্চলসংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার এবং বন্য প্রাণীর উপদ্রব নিয়ন্ত্রণে বন বিভাগের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।