সুস্থতার পথে মির্জা আব্বাস

ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা, শঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।
টুইট ডেস্ক: মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।
বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে তিনি বলেন, বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থতার দিকে এগোচ্ছেন।
মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন ও থেরাপি প্রক্রিয়া শেষ করেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
পরিবার সূত্রে আরও জানা গেছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সামনে আসতে পারেন এবং সবার কাছে দোয়া চাইবেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।






