চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার ও গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সম্ভাবনা
টুইট ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে সরকারি সফরে যাচ্ছেন।
৫ থেকে ৭ মে পর্যন্ত চলা এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক কৌশলগত ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। ফলে সফরটি কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে বিশ্লেষকদের মত।
সফরসূচি অনুযায়ী, বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন খলিলুর রহমান। পাশাপাশি চীনের উন্নয়ন মন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
আলোচনায় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সংকট মোকাবিলা, পানি ব্যবস্থাপনা সহযোগিতা, প্রতিরক্ষা সহায়তা এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষভাবে আলোচনায় আসতে পারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যা দীর্ঘদিন ধরে
বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচিত।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফর নিয়েও প্রাথমিক আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে চলমান আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে।






