বগুড়ায় ফ্লাইং একাডেমি নির্মাণ

নতুন বিমানবন্দরসহ পাইলট তৈরির উদ্যোগ, গরিব মেধাবীদের সুযোগের আশ্বাস।

টুইট প্রতিবেদক: বগুড়ায় নতুন বিমানবন্দর স্থাপনের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষ পাইলট তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে গরিব ও মেধাবী শিক্ষার্থীরাও সুযোগ পাবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের ৭ তারিখে বগুড়া সফরের মাধ্যমে সম্ভাব্য স্থান পরিদর্শন করা হবে।

মন্ত্রী আরও জানান, শুধু বগুড়া নয়,ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ও আকাশপথের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ডিসি সম্মেলনে মূলত দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি।

মনপুরা, নেত্রকোনাসহ বিভিন্ন জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন, নতুন সুবিধা সৃষ্টি এবং দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায় থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এসব প্রস্তাব বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভ্রমণকারীরা কোনো ধরনের অনিরাপত্তার মুখে না পড়েন।

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রাখতে সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী।