অপপ্রচারে অস্থিরতা, সতর্ক থাকার আহ্বান

শ্রমিক দিবসের সভায় হুইপ আখতারুজ্জামান,ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগ।

টুইট ডেস্ক: মিথ্যা তথ্য ও পরিকল্পিত অপপ্রচার দেশের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে দিনাজপুরের খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

হুইপ আখতারুজ্জামান বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে অপপ্রচার একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, বিভক্তি ও দুর্বলতার সুযোগ নিয়ে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা জাতির জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি আরও বলেন, ভুয়া পরিচয়ে পরিচালিত একাধিক মাধ্যম থেকে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডকে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সরাসরি উপস্থাপন করা উচিত। কিন্তু মিথ্যা তথ্য, বিকৃত ছবি বা গুজবের মাধ্যমে কাউকে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সফিকুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য ছাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল, সাবেক জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সভায় বক্তারা শ্রমিক অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল তথ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।