ভিডিও কলে স্বামী, ফাঁসিতে স্ত্রীর মৃত্যু

শাহরাস্তিতে পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক আত্মহত্যা।
টুইট প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শুক্রবার (২ মে) বিকেলে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্যবাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে দৈয়ারা বেপারী বাড়ির সালমা আক্তার (২৩) এর সঙ্গে প্রসন্নপুর ছোয়ানী এলাকার সৌদি প্রবাসী মো. রিয়াদ হোসেনের (২৬) পারিবারিকভাবে বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে অভিমান থেকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন সালমা। পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তিনি মারা যান।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।






