বাল্যবিয়ে ঠেকাতে এমপির হস্তক্ষেপ

কুমিল্লার লাকসামে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ, পড়ালেখা চালিয়ে যাওয়ার আশ্বাস।

টুইট প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলায় এক সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মহান মে দিবসের কর্মসূচি শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রশাসনসহ বিয়ে বন্ধের উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সরাসরি বিয়েবাড়িতে হাজির হন।

ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের উদ্দেশে এমপি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী বাল্যবিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

এ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

এমপি আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষার্থীর পড়াশোনা যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তার ভবিষ্যৎ শিক্ষাজীবন সুরক্ষায় প্রশাসনের পাশাপাশি নিজেও নজর রাখবেন বলে আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ঘটনার পর শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

স্থানীয়দের মতে, প্রশাসন ও জনপ্রতিনিধির সময়োপযোগী হস্তক্ষেপে একটি সম্ভাবনাময় জীবনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।

একই সঙ্গে এ ঘটনা এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধে নতুন বার্তা দিয়েছে।